মূল্যস্ফীতি, জীবনযাত্রা ও বাড়িভাড়া বৃদ্ধির পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরেন তারা।
চার বছর ধরে মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা হারানো শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যেই মজুরি বোর্ডের কাছে ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়া হলো। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের শেষে এটি নির্ধারণ করা হয়েছিল।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর মজুরি কাঠামো নিয়ে আলোচনা করতে বোর্ডের দ্বিতীয় সভা হয়েছে। শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে।’
তিনি জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাব দিতে ৭ কর্মদিবস সময় চেয়েছেন। শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে কারখানা পরিদর্শনে সমস্যার কথা জানান তারা। পরে আলোচনার ভিত্তিতে তাদের ৪ কর্মদিবস সময় দেয়া হয়েছে। আগামী সভায় প্রস্তাব না দিলে মালিকপক্ষকে ছাড়াই বোর্ড কাজ এগিয়ে নেবে বলে সতর্ক করেন তিনি।
সুবহানী জানান, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশন তাদের স্মারকলিপি ও প্রস্তাব জমা দিয়েছে। বোর্ড আগামী সভার আগে বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক ও তাদের পরিবার নির্ভরশীল।
আরও পড়ুন:
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা মজুরি দাবি করা হয়েছে।
তিনি জানান, গ্রেড-৪ হলো বর্তমানের সর্বনিম্ন গ্রেড। এটিই ন্যূনতম মজুরির মাপকাঠি। শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) বা নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা দাবি করা হয়েছে। আজকের সভায় শুধু টাকার অঙ্ক জমা দেয়া হয়েছে। আগামী সপ্তাহে গ্রেড ও কাজের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বোর্ডে শ্রমিকদের নতুন প্রতিনিধি বাবুল আক্তার বলেন, ‘বাজারদর, মূল্যস্ফীতি, জীবনযাত্রা, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ বিবেচনা করেই এই প্রস্তাব দেয়া হয়েছে। চার সদস্যের একটি পরিবারের মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতার কথা ভেবে দাবি কমানো হয়েছে।’
তিনি বলেন, ‘শ্রমিকরা নিজেদের ভালো বোঝেন। তারা ইতোমধ্যেই কাজে ফিরেছেন। যারা এখনো ফেরেননি, তাদের হয়তো মালিকপক্ষের প্রতি অন্য কোনো ক্ষোভ আছে। এই আন্দোলনে কারও ইন্ধন আছে কি না, তা বের করার দায়িত্ব সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর।’
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, ‘আজ আমাদের প্রস্তাব দেয়ার কথা ছিল। কিন্তু ঢাকা ও আশপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেদিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে। তাই এদিকে ঠিকমতো সময় দিতে পারিনি।’
তিনি বলেন, ‘এ জন্যই আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। তবে চেয়ারম্যান ও বোর্ডের সম্মতিতে আগামী চার কর্মদিবসের মধ্যে আমরা প্রস্তাব জমা দেব।’




