ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত; ফাঁস হওয়া নথিতে দাবি

ইউক্রেন যুদ্ধে নিহত এক রুশ সেনার শেষকৃত্য
বিদেশে এখন
0

ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্তাতের ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে। আধুনিক রাশিয়ার ইতিহাসে সামরিক বাহিনীর এমন বিপুল প্রাণহানির নজির আর নেই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বেলারুশের বিরোধী পক্ষ–সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনীয় হ্যাকার দল ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে রসস্তাতের তথ্যভান্ডার থেকে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদ সংগ্রহ করে। পরে এই নথিগুলো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে হস্তান্তর করা হয়। নথির তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কিংবা সামরিক অভিযানের সূত্র উল্লেখ করে ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে।

রসস্তাত তাদের সিস্টেমে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করলেও কোনো সংবেদনশীল তথ্য খোয়া যাওয়ার দাবি অস্বীকার করেছে। তবে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফাঁসের পুরো নথির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরুর পর প্রথম কয়েক মাস বাদে মস্কো সরকারিভাবে সেনা নিহতের সংখ্যা প্রকাশ বন্ধ রাখে এবং সামরিক হতাহতের যাবতীয় তথ্য রাষ্ট্রীয় গোপনীয় হিসেবে গণ্য করে। তবে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার হিসাবে গত সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় পাঁচ লাখ বলে অনুমান করা হয়েছিল। স্বতন্ত্র রুশ সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ অফিশিয়াল রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের শোকবার্তা ও সমাধিস্থল বিশ্লেষণ করে এ পর্যন্ত নাম-পরিচয়সহ প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার মৃত্যুর প্রমাণ পাওয়ার দাবি করেছে।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগা জানিয়েছেন, রুশ সামরিক বাহিনীর প্রাণহানির বিষয়ে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা। মৃত্যুর প্রায় ছয় মাস পর তা সরকারি নথিতে নথিভুক্ত হওয়ায় প্রকৃত নিহতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয়। নথি বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের শেষভাগ এবং ২০২৫ সালের বিভিন্ন মাসে প্রতি মাসে ১৫ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন, যা দিনে গড়ে ৫০০ জনেরও বেশি। এছাড়া মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো প্রধান শহরগুলোর তুলনায় বুরিয়াতিয়া, তুভা ও জাবায়কালস্কির মতো দূরবর্তী ও দরিদ্র অঞ্চলের ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে যুদ্ধজনিত মৃত্যুর হার প্রায় এক-তৃতীয়াংশ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার সব যুদ্ধের সম্মিলিত মৃত্যুর চেয়ে এই সংখ্যা আট গুণেরও বেশি। ভয়াবহ এই ক্ষয়ক্ষতির তথ্যের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হচ্ছে। তবে এ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি অংশ নিচ্ছেন না; যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এএম