আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে মিয়ানমারকে উচ্চপর্যায়ের বৈঠক থেকে বাদ রাখার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন আসিয়ান নেতারা।
২০২১ সালে তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এই সংঘাতে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষের প্রাণ গেছে। অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ বন্ধে আসিয়ানের গৃহীত পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সামরিক সরকারের প্রতিনিধিদের জোটের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেয়া নিষিদ্ধ করা হয়।
তবে কার্যকর কোনো বিরোধী দলের অনুপস্থিতিতে গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সেনা সমর্থিত দল বড় জয় পাওয়ার পর আসিয়ানের ১১টি সদস্যদেশের মধ্যে প্রায় অর্ধেকই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। চলতি বছর লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মালয়েশিয়া তাদের দেশে মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরে স্বাগত জানিয়েছে। গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও মিয়ানমারকে পুনরায় জোটে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।
থাইল্যান্ড এখন প্রকাশ্যে নিষেধাজ্ঞা শিথিলের দাবি তুলছে। বৃহস্পতিবার মিয়ানমার সফরের পর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাক ফুয়াংকেতকেয় সাংবাদিকদের বলেন, থাইল্যান্ড মনে করে পরবর্তী পদক্ষেপ হিসেবে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার সুযোগ দেয়া উচিত। ২০২৮ সালে থাইল্যান্ডের আসিয়ান সভাপতিত্ব পাওয়ার আগেই এই বিষয়ে কার্যকর অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, সদস্যদেশগুলোর এমন আলাদা কূটনৈতিক তৎপরতার কারণে আসিয়ানের ঐকমত্যভিত্তিক শান্তি পরিকল্পনা দুর্বল হয়ে পড়ছে। সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা প্রদান এবং সব পক্ষের সঙ্গে আলোচনার লক্ষ্যে গৃহীত সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন থমকে গেছে। ফিলিপাইনের সরকারি মুখপাত্র ডমিনিক জেভিয়ার ইম্পেরিয়াল শুক্রবার জানিয়েছেন, আসন্ন সম্মেলনে এই শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় একটি যৌথ দলিল প্রকাশ করা হবে।
অভ্যুত্থানের পর থেকে বন্দী থাকা মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে গত এপ্রিলে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। আগস্টে আন্তর্জাতিক রেড ক্রসের একজন প্রতিনিধিকে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হলেও কোনো বিদেশি দূত বা নেতা এখনও তার কাছে পৌঁছাতে পারেননি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আসিয়ান জোটকে জান্তা সরকারের ওপর বিধিনিষেধ বহাল রাখার এবং বেসামরিক শাসনে ফেরার চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সাইমন টে বলেন, সদস্যদেশগুলো যৌথভাবে একমত না হওয়া পর্যন্ত জোটের নীতি বদলাবে না। অগ্রগতি ছাড়া মিয়ানমারকে আগাম রাজনৈতিক স্বীকৃতি দেয়া আসিয়ানের জন্য সমীচীন হবে না।





