রাশিয়ায় ধারাবাহিক বোমা হামলা, এক সেনাসদস্য নিহত আহত সাবেক ইউক্রেনীয় উপদেষ্টা

মস্কোয় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাস্থলে তদন্ত করছেন কর্মকর্তারা
বিদেশে এখন
0

রাশিয়ায় দুই দিনের ব্যবধানে দুটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী মাইকোলা আজারভের সাবেক উপদেষ্টা সের্গেই জাভোরোতনি। গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সেন্ট পিটার্সবার্গে এবং আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) মস্কোয় এসব হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) মস্কোয় গাড়িবোমা বিস্ফোরণে আহত হন সের্গেই জাভোরোতনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী মাইকোলা আজারভের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তবে হামলার ঘটনায় সন্দেহভাজন কারা, তা এখনো জানায়নি তদন্ত কমিটি।

আজারভ রাশিয়াপন্থী ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বিক্ষোভের মুখে ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যান। আজারভও বর্তমানে রাশিয়ায় বসবাস করছেন।

এর আগের দিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে গাড়িতে বোমা বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি নিহত ব্যক্তির পরিচয় বা হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

রাশিয়ার সংবাদমাধ্যম ফন্তাঙ্কার দাবি, নিহত ব্যক্তি একজন কর্নেল ছিলেন। গাড়ি চালানোর সময় তার গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বেলুনের মাধ্যমে ইউক্রেন থেকে রাশিয়ায় বোমাটি আনা হয়েছিল। পরে সেটি লুকিয়ে রাখা হয় এবং হামলার জন্য ব্যবহার করা হয়।

ফন্তাঙ্কার দাবি, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার নির্দেশে এক ব্যক্তি ওই বোমা স্থাপন করেন। ওই ব্যক্তি নিহত সেনা কর্মকর্তার আবাসিক ভবনের কাছের একটি মুদিদোকানে চাকরি নিয়েছিলেন। হামলার পরপরই তিনি রাশিয়া ছেড়ে পালিয়ে যান বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। রাশিয়ার অন্য কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমের দাবি, নিহত ব্যক্তি দেশটির বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ায় এর আগেও একাধিক বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে আসছে মস্কো। তবে ইউক্রেন কিছু হামলার দায় স্বীকারও করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ার সামরিক বাহিনীর পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছিল ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। মস্কোয় তার আবাসিক ভবনের বাইরে একটি স্কুটারে রাখা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। এর এক দিন আগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছিল।

চলতি বছরের আগস্টে মস্কোর কেন্দ্রীয় এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় বোমা হামলায় পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে হামলাকারীও ছিলেন। আহত হন প্রায় ২০ জন। মস্কোর মেয়র ঘটনাটিকে ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছিলেন। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলার লক্ষ্য ছিলেন কর্নেল জেনারেল আলেকজান্ডার চাইকো। ২০২২ সালে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের ব্যর্থ অভিযানে অংশ নেওয়া রুশ সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে তাঁকে দেশটির বিমানবাহিনীর প্রধান করা হয়।

একই মাসে উরাল পর্বতমালার কাছে ইয়েকাতেরিনবুর্গের বাইরে গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে রাশিয়ার একটি ড্রোন কারখানার পরিচালক গুরুতর আহত হন। নিহত হন তাঁর গাড়িচালক। এ ছাড়া আগস্টে সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে গাড়িবোমা হামলায় এক সেনাসদস্য নিহত এবং তার স্ত্রী আহত হন।

সেপ্টেম্বরে রাশিয়ার সারাতভ অঞ্চলের এঙ্গেলস শহরে এক সেনাসদস্যকে গুলি করে আহত করা হয়। ওই অঞ্চলে দূরপাল্লার বোমারু বিমানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

—আরব নিউজের প্রতিবেদনে অবলম্বনে

এএম