বাহরাইনে মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলা

তেহরানের আজাদি স্কয়ারে ইরানের একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করা হচ্ছে
বিদেশে এখন
0

প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে নৌপথের নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা সত্ত্বেও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমেনি। এর মধ্যেই মঙ্গলবার বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আল মনিটরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে থাকা রাডার ব্যবস্থায় তারা এই হামলা চালিয়েছে। উপসাগরীয় এই আরব দেশটিতেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে বাহরাইন জানিয়েছে, বিমান হামলার সতর্কসংকেত বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়ার পর তারা ওই হামলা প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রোববারও ইরানের বেশ কয়েকটি বিমান হামলা প্রতিহত করার দাবি করেছিল বাহরাইন। সে সময় তেহরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বৈরী পদক্ষেপের জবাবে তারা আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। সোমবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে দেশটিতে ইরানি হামলার নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বর্তমানে এক অচলাবস্থায় ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান বা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর কাছ থেকে নতুন কোনো উসকানির মুখে না পড়লে তিনি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন। তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে তেহরানের অব্যাহত বাধার জবাবে ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে হরমুজ প্রণালির অপর প্রান্তে অবস্থিত দেশ ওমান। মঙ্গলবার দেশটি সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে নৌপথের নিরাপত্তা এবং বৈশ্বিক জাহাজ চলাচল ও বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা করেছেন আরাঘচি। উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে সংলাপ ও আলোচনার পথগুলো পুনরায় সচল করার বিষয়েও কথা বলেন তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র প্রসারিত করা এবং সংকট ও এর নেতিবাচক প্রভাব আরও ছড়িয়ে পড়া ঠেকানোই এসব প্রচেষ্টার লক্ষ্য।’

গত সপ্তাহে হরমুজ প্রণালিতে অবস্থিত ওমানের দিদামার দ্বীপে জাহাজ চলাচলের দিকনির্দেশনা ব্যবস্থায় হামলা চালায় ইরান। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলো হরমুজ দিয়ে তেলের প্রবাহ বাড়াতে বিকল্প নানা কৌশল ব্যবহার করছে। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। সংঘাত অবসানের আলোচনায় প্রধান বাধা হয়ে থাকা এই প্রণালিতে ট্যাংকারে হামলার ঘটনা বেড়েছে। দুই দেশের আঞ্চলিক জলসীমায় অবস্থিত হলেও আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচিত এই প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরান আগেও কয়েক দফা আলোচনা করেছে, যার সর্বশেষটি হয়েছিল গত আগস্টে। জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

এদিকে ইরান তার মিত্র হুথিদের মাধ্যমে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করায় মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও যুদ্ধ ছড়িয়ে পড়ছে। উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে চাপে ফেলতে সৌদি আরবে হামলা চালানোর পাশাপাশি বাব-এল-মান্দেব প্রণালিসংলগ্ন ইয়েমেন উপকূলের বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে হুথিরা।

রাষ্ট্রকে দুর্বল করতে ইরানের সঙ্গে আঁতাতের অভিযোগে বাহরাইনে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পরই মঙ্গলবার দেশটিতে এই হামলা চালানো হয়। দণ্ডপ্রাপ্তদের বেশির ভাগই শিয়া ধর্মীয় নেতা। চলতি বছর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর তেহরান বাহরাইনে আঘাত হানা শুরু করলে শিয়া ধর্মীয় নেতাদের ওপর দমন-পীড়ন শুরু করে সুন্নি রাজপরিবারশাসিত শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির তথ্য অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে বাহরাইনের শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত শেখ ইসা কাসিমও রয়েছেন, যিনি ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। মঙ্গলবার আদালতের এই রায়ের নিন্দা জানিয়ে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে তেহরান।

এএম