প্রতি জেলায় ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের প্রস্তাব নাজিবুরের

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান
দেশে এখন
রাজনীতি
0

প্রতি জেলায় সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। আজ (বুধবার, ১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

এসময় তিনি বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেয়া হয়েছে। আজকেও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেয়া হয়েছে, লুট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার হবে। এই সমস্ত বিলের যে বিষয়গুলো সুবিধা, সুফল জনগণ ভোগ করতে পারবে না।’

জামায়াতের এই সংসদ সদস্য প্রস্তাব দিয়ে বলেন, ‘জেলায় জেলায়, প্রত্যেক আসনে এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি হোক। গতকালকে বলেছিলাম, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গেছে। এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি করলে হবে না।’

আরও পড়ুন:

নিজ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন। কয়েক দিন আগেও পত্রিকায় প্রতিবেদন এসেছে, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন।

তিনি আরও বলেন, পরশুদিন দেখলাম, এক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বলেছে, জনাব ওসি, আমি যদি মুখ খুলি তাহলে কি আপনি থাকতে পারবেন? সেই ওসিও নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকেন। তার ট্রান্সফারও হয় না, কোনো শাস্তিও হয় না। এ ধরনের ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে ক্লোজ করা হলেও পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা। এখান থেকে গোপালগঞ্জের এই তাণ্ডব মোকাবিলায় ব্যর্থ এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে তাকে পুরস্কার দেয়া হলো। এটার আমরা নিন্দা জানাচ্ছি।

এসএস