জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে আজ (বুধবার, ১৮ নভেম্বর) সমাপনী ভাষণে শফিকুর রহমান এই অনুরোধ জানান।
জামায়াত আমির বলেন, ‘আমরা প্রত্যাশা করব, শহিদদের আমানত, যোদ্ধাদের আমানত, শহিদ পরিবারের আকাঙ্ক্ষা—এসব কিছুর আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদ মানুষের প্রত্যাশার আলোকে যেন বাস্তবায়ন করা হয়। যত তাড়াতাড়ি হবে, আমাদের ফ্যাসিবাদবিরোধী ও আধিপত্যবাদবিরোধী ঐক্য তত ইস্পাত কঠিন হবে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি বিশ্বাস করি না। আমরা বারবারই বলে আসছি, এটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, সন্ত্রাসবিরোধী সংসদ, আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১৪০০ শহিদের তাজা রক্তের ওপর। সাড়ে ১৫ বছর হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে অত্যাচারের শিকার হতে হয়েছে। আয়নাঘরের সঙ্গী হতে হয়েছে। তাদের ক্ষতচিহ্ন নিয়ে আমরা এই সংসদে বসেছি।’
আরও পড়ুন:
ভারতে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে সংসদে কথা বলেন শফিকুর রহমান।
‘এই সংসদের অধিবেশন যখন চলছে, তখন কয়েকদিন ধরে সারা দেশে আমরা ব্যাপক নাশকতা পলাতক ফ্যাসিস্টের পক্ষ থেকে প্রত্যক্ষ করছি। আমরা আশা করেছিলাম, এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশ ও জাতিকে অবহিত করা হবে যে, এই ব্যাপারে সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তার দৃশ্যমান অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী করবে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, যা জাতির সামনে, অন্তত আমার সামনে স্পষ্ট হয়নি। আমরা বুঝতে পারছি না, আসলেই আমাদের নীতি-কৌশল কী,’ বলেন তিনি।
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মজুরি বাড়ানোর চলমান আন্দোলনের পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে বলে মনে করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘এই শক্তি আমাদের সবকিছু তছনছ করে দিতে চাইছে। আমাদের সুস্পষ্ট দাবি, এদের চিহ্নিত করে পাকড়াও করা উচিত। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিক তার কারখানা ধ্বংস করতে যাবে না, আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার রিজিকের ঠিকানা। নিঃসন্দেহে এরা দুষ্কৃতকারী, যারা এগুলোতে উসকানি দিচ্ছে।’





