হরমুজ প্রণালিতে এক যাত্রায় বিমা খরচ ৬ কোটি ৪০ লাখ ডলার: মার্কিন কর্মকর্তা

হরমুজ প্রণালিতে জাহাজ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি দিয়ে একটি বাণিজ্যিক জাহাজ একবার পারাপারের ক্ষেত্রে বিমা খরচ বেড়ে ৬ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে কী বিপুল অর্থনৈতিক মাশুল গুনতে হচ্ছে, তার এই বক্তব্যে সেটিই ফুটে উঠেছে।

মঙ্গলবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে নিজের নিয়োগ চূড়ান্তকরণ সংক্রান্ত এক শুনানিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হাং কাও এই তথ্য জানান। শুনানিতে আইনপ্রণেতারা যুদ্ধের ব্যয় এবং নৌচলাচলের স্বাধীনতার ওপর এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন। তবে কাওয়ের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। এমনকি নয় মাস ধরে চলা এই সংঘাতে বিমা খরচ বৃদ্ধির বিষয়ে আগে যেসব তথ্য সামনে এসেছিল, তার চেয়েও এই অঙ্ক অনেক বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। তারা কেবল নির্দিষ্ট কিছু জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে এবং অননুমোদিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। এতে এই নৌপথে জাহাজ চলাচলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ফলে সাধারণত এই পথে পরিবহন করা উপসাগরীয় দেশগুলোর তেল, গ্যাস, সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কার্যত শেষ হয়ে গেছে এবং মার্কিন নৌবাহিনী সফলভাবে পাহারা দিয়ে এই প্রণালি পারাপারে জাহাজগুলোকে সহায়তা করছে। কিন্তু তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলা এবং জাহাজ চলাচলে অব্যাহত বিধিনিষেধের মধ্যে হাং কাওয়ের এই বক্তব্য সামনে এল। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথটি সত্যিই খোলা আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধ শুরুর আগে পারস্য উপসাগর থেকে আরব সাগর ও উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হতো। কিছু জাহাজ এখনো এই পথে চলাচল করলেও তা যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক কম। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই সেখানে পাল্টাপাল্টি বিধিনিষেধ বজায় রেখেছে।

সিনেটের শুনানিতে হাং কাও কী বলেছেন?

শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিনের সঙ্গে কথোপকথনের সময় হাং কাও বলেন, সংঘাত শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজগুলোর বিমা খরচ নাটকীয়ভাবে বেড়ে গেছে। শুরুতে তিনি একবার প্রণালি পারাপারের বিমা খরচ ৫৪ হাজার ডলার বলে উল্লেখ করেন। তবে পরক্ষণেই বিষয়টি স্পষ্ট করে বলেন, যুদ্ধের আগে বিমা খরচ ওই পরিমাণ ছিল, যা এখন বেড়ে ৬ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। জবাবে স্লটকিন এই ব্যয় বৃদ্ধির জন্য যুদ্ধকে দায়ী করে বলেন, বাণিজ্যিক জাহাজগুলো সংঘাতের আগের মতো অবাধ চলাচলের স্বাধীনতা আর পাচ্ছে না।

দীর্ঘ মেয়াদে সেনা মোতায়েন, পরিস্থিতির অবনতি এবং সামরিক রসদের ওপর চাপের কথা উল্লেখ করে এই যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর ওপর কী ধরনের ধকল যাচ্ছে, তারও বিবরণ দেন কাও। আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘আমি জানি, এই যুদ্ধ আমাদের নৌবাহিনীর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।’ ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের বিষয়ে কাও ট্রাম্পের কথায় অন্ধভাবে সায় দিচ্ছেন এবং একটি বিমানবাহী রণতরীতে আটবার আত্মহত্যার চেষ্টার ঘটনার পরও নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর পড়া প্রভাবকে হালকা করে দেখছেন।

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ড সমুদ্রে ঝাঁপ দেয়া এক নাবিকের বিষয়ে তার কাছে জানতে চান। জবাবে কাও বলেন, ‘সিনেটর, ওই নাবিক আত্মহত্যার চেষ্টা করছিলেন না এবং তিনি নিজেই তা স্বীকার করেছেন।’ ওই নাবিক জীবনরক্ষাকারী বয়া ব্যবহার করেছিলেন বলেও দাবি করেন তিনি। এর পাল্টা জবাবে জিলিব্র্যান্ড বলেন, ‘তাহলে তিনি কী করার চেষ্টা করছিলেন? সাঁতরে গুয়াম যাচ্ছিলেন?’ কাওয়ের বক্তব্যকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে জিলিব্র্যান্ড বলেন, ‘আমি মনে করি, এই সেনাসদস্যদের ওপর কী ধরনের মানসিক চাপ যাচ্ছে, তা আপনি খাটো করে দেখছেন।’

বিমার খরচ নিয়ে কাও কি ভুল তথ্য দিয়েছেন?

যুদ্ধকালীন জাহাজ বিমার মানদণ্ডেও কাওয়ের উল্লেখ করা ৬ কোটি ৪০ লাখ ডলারের হিসাবটি অস্বাভাবিক বেশি বলে মনে হচ্ছে। উত্তপ্ত এই প্রণালি পার হওয়া সাধারণ কোনো বাণিজ্যিক জাহাজের বর্তমান বিমা প্রিমিয়াম আসলেই ৬ কোটি ৪০ লাখ ডলার কি না, তার স্বতন্ত্রভাবে যাচাই করা কোনো প্রমাণ নেই। মেরিটাইম ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের বিশ্লেষক মিশেল বকম্যান আল জাজিরাকে বলেন, ‘তিনি কোনো প্রেক্ষাপট উল্লেখ করেননি। তিনি কি যুদ্ধের ঝুঁকি বিমার অতিরিক্ত প্রিমিয়ামের কথা বলছেন, যা জাহাজের কাঠামোর মূল্যের নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়? যদি তা-ই হয়, তবে বিষয়টি সঠিকভাবে বোঝার জন্য জাহাজের ধরন এবং পরিশোধ করা হারের ওপর নির্ভর করতে হবে।’

গত জুলাইয়ে এসঅ্যান্ডপি গ্লোবালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের ঝুঁকি বিমার প্রিমিয়াম জাহাজের মূল্যের ১ থেকে ৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫ থেকে ১০ শতাংশে পৌঁছেছে। সেই হিসাবে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকারের বিমা খরচ পড়তে পারে প্রায় ২ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে গত সেপ্টেম্বরে দুবাইয়ের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) এক নির্বাহীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে তেলের চালান নেয়ার খরচ বেড়ে প্রায় ১ কোটি থেকে ২ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিমার খরচ এত বেশি কেন?

হরমুজ প্রণালি পারাপারে বিমা খরচ এখন ২ কোটি বা ৬ কোটি ডলার যা-ই হোক না কেন, মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন বা নৌ-মাইনের আঘাতের আশঙ্কার কারণেই প্রিমিয়ামের অঙ্ক এত বেড়েছে। সামরিক সংঘাতের কারণে জাহাজের কোনো ক্ষতি হলে তা যুদ্ধের ঝুঁকি বিমার আওতায় পড়ে। জাহাজের মূল্য, পণ্যের দাম এবং হামলার আশঙ্কার ওপর এই বিমার খরচ নির্ভর করে। বিমার এই বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্য পরিবহন ভাড়া, জ্বালানির দাম এবং বিশ্বজুড়ে পরিবহন করা পণ্যের দামের ওপরও প্রভাব ফেলে।

হরমুজ প্রণালি কি সত্যিই খোলা আছে?

কাগজে-কলমে খোলা থাকলেও বাস্তবে যুদ্ধের আগের মতো এটি পুরোপুরি ও অবাধে খোলা নেই। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। গত ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনে ইউকেএমটিও এই পথে ৩০৮টি জাহাজ চলাচলের তথ্য নথিভুক্ত করেছে, যার মধ্যে ১৩৯টি বহির্গামী এবং ১৬৯টি অন্তর্মুখী যাত্রা ছিল। তা সত্ত্বেও ট্রাম্প বারবার দাবি করে আসছেন, নৌবাহিনীর পাহারা এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বজায় রাখার মাধ্যমে ওয়াশিংটন এই প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ করেছে।

অন্যদিকে ইরানের দাবি, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রকৃতপক্ষে তারাই নিয়ন্ত্রণ করছে। তেহরান শর্ত দিয়েছে, জাহাজগুলোকে তাদের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে এবং ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। এছাড়া ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজের জন্য তারা ছাড়ের ঘোষণা দিয়েছে। ইরানের অনুমোদিত পথটি আগের নৌপথের তুলনায় দেশটির উপকূলের অনেক কাছ দিয়ে গেছে।

ইরানের সতর্কবার্তা উপেক্ষা করা জাহাজগুলোর জন্য ঝুঁকি যে এখনো কাটেনি, তা চলতি সপ্তাহেই আবার স্পষ্ট হয়েছে। সোমবার ইউকেএমটিও দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে। এর মধ্যে ওমানের কাছে একটি জাহাজ অকেজো হয়ে পড়ে এবং সেটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। পরদিন ইরানি বাহিনী দাবি করে, আরও তিনটি ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সম্প্রতি বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার জবাবে মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আইজির প্রধান বাজার বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, স্বাভাবিক পরিস্থিতির বিবেচনায় এই প্রণালিকে খোলা বলা চলে না। আল জাজিরাকে তিনি বলেন, ‘নাবিকেরা যদি এসব ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, কেবল তখনই এটি বাণিজ্যের জন্য খোলা। কিন্তু যুদ্ধ-পূর্ববর্তী সংজ্ঞার বিচারে এটি মোটেও খোলা নেই। এটি অলৌকিক বিষয় যে আমরা এখন পর্যন্ত বড় কোনো জ্বালানি সংকট এড়াতে পেরেছি। এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে, তত বেশি বিকল্প পথ তৈরি হবে।’ তবে বিউচ্যাম্প মনে করেন, এই সংকট সমাধানে ওয়াশিংটনকে ওই অঞ্চলে নিজেদের প্রভাবের সীমাবদ্ধতা মেনে নিতে হবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজের ইচ্ছামতো সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না—এটি মেনে নেয়া ছাড়া সংকট সমাধানের আর কোনো পথ আমি দেখছি না।’

— আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম