পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার রাত ১২টা ৯ মিনিটে) জুনিন অঞ্চলের ওনদোরেস শহর থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার (৮৮ মাইল)। ইউএস জিওলজিক্যাল সার্ভে শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ জানালেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ জানায়।

মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা বা হুমকি নেই। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এএম