বছরের উজ্জ্বলতম সুপারমুন ‘বিভার মুন’, শুরু চার মাসের পর্ব

সুপারমুন
বিদেশে এখন
0

রাতের আকাশে দেখা গেলো বছরের উজ্জ্বলতম সুপারমুন। রাতের আকাশে স্বাভাবিক পূর্ণিমার তুলনায় বেশ বড় ও উজ্জ্বল চাঁদের দৃষ্টিনন্দন উপস্থিতি ছিলো দেশে দেশে। ‘বিভার মুন’ হিসেবে পরিচিত এই সুপারমুনের মধ্য দিয়ে শুরু হলো টানা চার মাসের সুপারমুন পর্ব।

‘বিভার মুন’, নভেম্বর মাসে পূর্ণিমার চাঁদ পরিচিত এ নামে। চলতি বছর রাতের আকাশ সবচেয়ে বেশি আলোকোজ্জ্বল ছিল বিভার মুন। বছরের অন্যতম মোহনীয় সুপারমুনও এ রাতেই দেখে বিশ্ববাসী।

মঙ্গলবার অপূর্ব মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয় গ্রিস। আকাশজুড়ে ছড়িয়েছিল আলোর আভা। রাজধানী এথেন্সের আকাশে চন্দ্রোদয় ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন। চাঁদের অপূর্ব আলো আর উৎসবের বর্ণিল আয়োজন মিলিয়ে এথেন্সসহ গ্রিসের বিভিন্ন স্থানে ছিল দারুণ এক আমেজ।

বিভার মুনে আলোকিত হয়ে উঠেছিল মিশরও। বিভার মুন নামের উৎপত্তি মূলত প্রাচীন শিকারি ঐতিহ্য থেকে। উত্তর আমেরিকায় শীতের প্রস্তুতি হিসেবে উষ্ণ পশম সংগ্রহে শিকারিরা ইঁদুর গোত্রীয় আবারে বড় বিভার ধরার ফাঁদ পাততেন শরতে। সেই ঐতিহ্য থেকেই নভেম্বরের পূর্ণিমার নাম বিভার মুন।

পাকিস্তানের আকাশেও উজ্জ্বল আলো ছড়ায় বিভার সুপারমুন। বিরল এই মহাজাগতিক সৌন্দর্য্যের সাক্ষী হতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন দেশটির বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে করাচিতে সুপারমুন দেখতে মানুষের ভিড় জমে ঐতিহাসিক ফ্রেরে হলে। এ সময় অনেকেই চাঁদের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি ক্যামেরায় তা ধারণ করেন।

আজ সুপারমুন। চাঁদটা অসম্ভব সুন্দর। প্রায় ১৪ দিনের চক্রের পর এটি পূর্ণিমার চাঁদে পরিণত হয়েছে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। ভালোভাবে তাকালে চাঁদের গায়ে কালচে দাগগুলোও স্পষ্ট দেখা যায়। কথায় আছে, চাঁদের কলঙ্কও যেন এক অনন্য কাব্যিক সৌন্দর্য। ফ্রেরে হলের বাতিগুলো বর্তমানে বন্ধ রাখা হয়েছে, ফলে চাঁদের আলো আরও স্পষ্টভাবে উপভোগ করা যাচ্ছে।

হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব কার্তিক পূর্ণিমা উদ্‌যাপনের পাশাপাশি সুপারমুনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ। রাতের আকাশে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকার সময় পূর্ণিমা হলে সেটি হয় সুপারমুন। দুবাইয়ের আকাশচুম্বী ভবনের ভিড়ে আলাদা করে উজ্জ্বলতা ছড়াচ্ছিল এবারের বিভারমুন। আসছে বড়দিনে এবং তারপর আরও দু'টো- চার মাসে টানা চারটি সুপারমুনের সাক্ষী হবে বিশ্ব, যার শুরুটা হলো বিভারমুন দিয়ে।

এফএস