মিশরে ট্যাংকার বিস্ফোরণ: নিহতদের পরিবারের প্রতি প্রেসিডেন্টের সমবেদনা

মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ
আফ্রিকা
বিদেশে এখন
0

মিশরের গিজা শহরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত ২১ জন। এসময় আশপাশে থাকা প্রাইভেটকার, বাস, মোটরসাইকেলসহ ২৭টি যানবাহন পুড়ে যায়। গিজা আল-ওয়ারেক জেলার মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা হয়। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বহনকারী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

মিশরের কায়রো শহরের ব্যস্ততম সড়কে আগুনের লেলিহান শিখা। জ্বলছে চারদিক। ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে আকাশ। তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই এটিতে আগুন ধরে যায়। সড়কে তেল ছড়িয়ে পড়লে আশপাশে থাকা প্রায় ৩০টি যানবাহনে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়।

তেলের ট্যাংকারটি হুট করেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে ছড়িয়ে পড়ে দাহ্য পদার্থ। ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশ কয়েকজন। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে চারপাশ। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রোয়েছে পুড়ে যাওয়া গাড়ি। এসময় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

দেশটির রাজধানী কায়রোর কাছে গ্রেটার কায়রো রিং রোডে এই মর্মান্তিক দুর্ঘটনায় তৈরি হয় এক ভয়াবহ দৃশ্যের। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয় ৪০টির মতো অ্যাম্বুলেন্স। দগ্ধ ও আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে মর্মান্তিক এই দুর্ঘটনা।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, ‘আমরা দেখলাম যে সব গাড়ি বিস্ফোরিত হয়েছে এবং হঠাৎ করে আগুন বেড়েই চলেছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা মোটরসাইকেলে থাকায় ফিরে আসতে পেরেছিলাম।’

অন্য একজন বলেন, ‘আগুন নিভে গেলে আমরা ফিরে এসে দেখি যে কিছুই ভালো অবস্থায় নেই। সব যানবাহন পুড়ে গেছে এবং অনেক মৃতদেহ পড়ে ছিল।’

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এছাড়া আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি ।

ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেয়া হচ্ছে। এদিকে নিহতদের পরিচয় শনাক্তে মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন।

দুর্বল ট্রাফিক আইন, যানবাহনের অতিরিক্ত গতির কারণে মিশরে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। গেল এক বছরের ব্যবধানে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে প্রায় ১১ শতাংশ।

এসএস