প্রশ্নফাঁস বিতর্কের পর কড়া নিরাপত্তায় নিট টেস্ট পরীক্ষা

নিট টেস্ট পরীক্ষা
এশিয়া
বিদেশে এখন
0

প্রশ্নফাঁস কাণ্ডে তুমুল বিতর্ক ও আন্দোলনের মুখে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট) নিচ্ছে ভারত। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ৯৫ হাজারেরও বেশি পরীক্ষা কক্ষে রয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। ২২ লাখের বেশি পরীক্ষার্থীর বিশ্বাস অর্জনে রীতিমতো ‘অগ্নিপরীক্ষা’ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবুও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি-সিজেপি।

মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা নির্ণায়ক-নিট পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে গত ৩ মে ২২ লাখ শিক্ষার্থীর বিশ্বাস হারায় ভারত সরকার। এরপর এ কাণ্ডে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। সামাজিক মাধ্যমে গঠিত রাজনৈতিক ব্যঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টি-সিজেপি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই গণ বিস্ফোরণে রূপ নেয় আন্দোলন।

অবশেষে তুমুল বিতর্কের মুখে সেই পরীক্ষা বাতিল করে আজ পুনরায় নিট পরীক্ষা নিচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবেন সন্ধে ৬টা ২০ মিনিট পর্যন্ত। ৫ হাজারের বেশি কেন্দ্রে ৯৫ হাজারেরও বেশি কক্ষে পুনরায় পরীক্ষা দিচ্ছেন মেডিক্যালে ভর্তিচ্ছু ২২ লাখ ৭৯ হাজার শিক্ষার্থী।

আরও পড়ুন

এ অবস্থায় রীতিমতো শিক্ষার্থীর কাছে হারানো বিশ্বাস ফিরে পাওয়ার ‘অগ্নিপরীক্ষা’ দিতে হচ্ছে ভারত সরকারকে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। প্রযুক্তিগত জালিয়াতি রুখতে ৯৫ হাজারেরও বেশি পরীক্ষা কক্ষে রয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় বিমান বাহিনীর মাধ্যমে আকাশপথে পৌঁছে দেয়া হয় প্রশ্ন।

শুধু তাই নয়, ভুয়া পরীক্ষার্থীদের শনাক্তে দ্বিগুণ করা হয়েছে বায়োমেট্রিক ও ফেস অথেনটিকেশনের ব্যবস্থা। পরীক্ষার্থীদের তল্লাশি করার দায়িত্বে নিয়োজিত ৩৯ হাজার কর্মী। এছাড়া প্রতিটি কেন্দ্রে গড়ে ৪০ থেকে ৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রশ্ন ফাঁসের শঙ্কায় ২২ জুন পর্যন্ত ভারতজুড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদি প্রশাসন।

প্রশ্নফাঁস ও প্রায় দুই লাখ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস কাণ্ডে ব্যাপক আন্দোলনের মুখে নিট-রি-টেস্ট নিলেও; কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে অনড় কাকরোচ জনতা পার্টি-সিজেপি। এমনকি ১১ পরীক্ষার্থীর আত্মহত্যার দায় কে নেবে এমন প্রশ্নও ওঠেছে। এছাড়া, আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মোদিকে চিঠিও দিয়েছে সিজেপি।

জেআর