নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ট্রাক ও যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ
বাসের আগুন নিয়ন্ত্রণে আনছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দু’টি ঘটনায় খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার ও কাঁচপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে খড়বোঝাই ট্রাকের সমস্ত খড় পুড়ে গেলেও বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের একটি ট্রাক বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারস্থ জামে মসজিদের সামনে পৌঁছায়। সেখানে খড় আনলোডের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে সরিয়ে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে যায়।

আরও পড়ুন:

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন।

তিনি বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নতুন বাস টার্মিনালের সামনে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের যাত্রীরা দ্রুত নেমে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, যাত্রীবেশে বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএস