লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে আটকে আছে পণ্যবাহী জাহাজ
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

লাইটারেজ জাহাজ সংকটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন খাদ্য, সারসহ শিল্পের কাঁচামাল নিয়ে অলস বসে আছে ২০ থেকে ৩০টি বড় জাহাজ। ওয়াটার ট্রান্সপোর্ট কোর্ডিনেশন সেল- সংকটের জন্য সিরিয়াল ছাড়া জাহাজ চলাচল ও বিভিন্ন নৌ বন্দরে জাহাজ আটকে থাকাকে দুষছেন। যদিও শিপ হ্যান্ডলিং অপারেটর ও শিপিং এজেন্টরা বলছেন, চেম্বার ও নৌ বাণিজ্য অধিদপ্তরের পাল্টাপাল্টি কমিটি গঠন, প্রশাসনিক ও নেতৃত্বের দ্বন্দের কারণে এই সংকট।

বন্দরের জেটিতে ভিড়তে পারে না বিভিন্ন খাদ্যশস্য, সারসহ শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ। ৫০ হাজার টনের একটি জাহাজ থেকে পণ্য খালাসে দৈনিক তিন থেকে চারটি লাইটার জাহাজ লাগে। কিন্তু সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে পণ্য খালাসে প্রয়োজনীয় জাহাজ পাচ্ছে না মাদার ভেসেলগুলো।

সবশেষ মঙ্গলবার ৮১টি মাদার ভেসেলের বিপরীতে ১৫৭টি জাহাজের চাহিদাপত্র দেয়া হলেও বরাদ্দ দেয় ৮০টি। বরাদ্দকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের জাহাজ বেশি আসলেও বিভিন্ন নদীবন্দরে পণ্য নিয়ে বসে আছে অনেক লাইটার জাহাজ। আবার ডব্লিউটিসিসির সিরিয়ালের বাইরে চলা ও ঢাকার জাহাজ মালিকরা পৃথক কমিটি গঠন করায় বিশৃঙ্খলা হচ্ছে বলে দাবি তাদের।

চট্টগ্রাম ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন আর কিছু মনোজিন মিলে একটা কমিটি করেছে। তো এটা নিয়ে আমরাও উদ্বিগ্ন যে একই সেক্টরে যদি দুইটা কমিটি হয়, যেখানে ভায়ারেজ গেজেটে বলা আছে এই ডিজির আন্ডারে কমিটি হবে, ডিজি মূল তদারকি কমিটির কনভেনর হবে, সেই যে উপকমিটি হবে, তো এটা কাম্য না। আমরা মনে করি যে এ ধরনের বিভেদ থাকা উচিত না। এ ধরনের বিভেদ থাকলে এই সেক্টর ক্ষতিগ্রস্ত হবে।’

আরও পড়ুন:

এদিকে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক শতাধিক জাহাজের নিবন্ধন ও বে ক্রসিং সনদ স্থগিত করার সমালোচনা করে শিপ হ্যান্ডলিং অপারেটররা বলছেন, লাইটারের সংকটে পণ্য খালাসে দেরি হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা।

শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সরোয়ার হোসেন বলেন, ‘এই মুহূর্তে এখন যদি এই অবস্থা চলে, বন্ধ থাকে, তাইলে মাদার ভেসেলগুলো যে মার খাচ্ছে, এইটার দায়ভার কে নেবে? আমরা চাচ্ছি যে মুক্ত বাজার অর্থনীতি। এখন মনে করেন কেউ ৪০০ টাকা নিচ্ছে, ২০০ টাকা, ১৫০ টাকা কমে জাহাজ লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? আবার আমদানিকারকরা কেন নিচ্ছে? এটা মুক্ত বাজার, যার যেমনে পারে সে সেভাবে কাজ করবে।’

কিছু শিল্পগ্রুপ নিজস্ব জাহাজ দিয়ে পণ্য খালাস করলেও বাকিরা ডব্লিউটিসিসি থেকে জাহাজ বুকিং নেয়। শিপিং এজেন্টরা বলছেন, জাহাজ মালিক, চট্টগ্রাম চেম্বার ও নৌপরিবহন অধিদপ্তর—এই তিন পক্ষের দ্বন্দ্বের বলি সাধারণ ব্যবসায়ীরা।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা আসলে ত্রিপক্ষীয় ব্যাপার-স্যাপার। আমাদের উচিত হলো এটার সংকট কমানোর একমাত্র পথ হলো সবাই মিলে বসা। সাফারেজ তো অনেক হিউজ পরিমাণ। এখন এই সাফারেজটার ধরেন এক-একটা বড় জাহাজের এই বড় জাহাজগুলোর এক-একটা জাহাজের ডেইলি ভাড়া হলো ৩৫ হাজার ডলার বা ৪০ হাজার ডলার। ইভেন কোনো কোনো ক্ষেত্রে বেশিও হইতে পারে।’

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বছরে প্রায় ৬ কোটি টন পণ্য খালাস হয়। ১৮০০ লাইটার জাহাজ এসব পণ্য চট্টগ্রামের ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়। সমুদ্রপথে পণ্য পরিবহন নীতিমালার আওতায় ডব্লিউটিসিসির মাধ্যমে এসব জাহাজ পরিচালিত হলেও সম্প্রতি জাহাজ মালিকদের একাংশ নিজেরাই আলাদা কমিটি গঠন করেছে। অপরদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে পৃথক তদারকি কমিটি হওয়ায় বিরোধ বেড়েছে।

এসএস