যতদূর চোখ যায় শুধু চর আর চর। একসময় যে খরস্রোতা নদীতে গতির ঢেউ তুলতো একের পর এক প্রমোদতরী, সেখানে এখন নাব্যতা সংকটের কারণে স্থবির নৌ-যান চলাচল।
অনাবৃষ্টি ও দীর্ঘস্থায়ী হিটওয়েভের কারণে সৃষ্ট খরায় মধ্য ও দক্ষিণ ইউরোপের মধ্য দিয়ে প্রবাহিত দানিউব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে এসেছে। এর প্রভাবে হাঙ্গেরি ও রোমানিয়ায় বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। খরার মেয়াদ বাড়তে থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও জার্মানিতে। কপালে চিন্তার ভাঁজ বেশিরভাগ শিপিং কোম্পানির কর্ণধারের।
বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে আসায় তীব্র জ্বালানি সংকটের সম্মুখীন রোমানিয়া। দেশটিতে চলতি মাসজুড়ে জারি রয়েছে জ্বালানি জরুরি অবস্থা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে রাতে ঐতিহাসিক ভবন ও জাদুঘরগুলোতে সৌন্দর্য বর্ধনকারী নিয়ন বাতি নিভিয়ে রাখছে কর্তৃপক্ষ। কমানো হয়েছে রাস্তার ধারে জ্বলতে থাকা বাতির তীব্রতাও।
আরও পড়ুন:
খরা আর হিটওয়েভের সাক্ষী ইউরোপের আরেক দেশ হাঙ্গেরি। দেশটির অনেক অঞ্চলে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। হাঁফিয়ে ওঠা গরমে কিছুটা স্বস্তি পেতে নানা উপায় খুঁজছেন বুদাপেস্টসহ বিভিন্ন শহরের নানা বয়সের মানুষ। আর অস্বাভাবিক তাপমাত্রার মাঝে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্যাকস পুরোপুরি শাটডাউনের শঙ্কা। প্ল্যান্টটির চারটি চুল্লির মধ্যে তিনটির কার্যক্রমই এখন বন্ধ।
প্রায় দুই মাস ধরে বৃষ্টির দেখা নেই জার্মানির বিভিন্ন অংশে। শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে দেশটির অধিকাংশ ফসলি জমি। তাইতো ফলন আসার আগেই ফসল কাঁটতে ব্যস্ত কৃষকরা।
জার্মানির একজন কৃষক বলেন, ‘ভুট্টা ক্ষেতগুলো খরার নেতিবাচক প্রভাব সরাসরি দৃশ্যমান। কোনো গাছেই মোচা নেই। যদি পর্যাপ্ত পানির ব্যবস্থা করা যেত, তাহলে মোচা ধরতো।’
অব্যাহত খরার কারণে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ডসহ মধ্য ও পূর্ব ইউরোপের বেশিরভাগ কৃষিজমির ফলন ব্যাহত হওয়ায়, চলতি মৌসুমের গম উৎপাদনের পূর্বাভাস ১৫ লাখ টন কমিয়ে ১২ কোটি ৬৮ লাখে নামিয়ে এনেছে ইউরোপীয় ইউনিয়ন।
আর অব্যাহত হিটওয়েভ ও খরার মধ্যেই প্রশাস্ত মহাসাগরের জলবায়ুগত প্রক্রিয়া এল নিনোর প্রভাব নিয়ে নেতিবাচক বার্তা দিলো বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি বলছে, আগামী বছরের শেষ নাগাদ সুপার এল নিনোর প্রভাবে তীব্র ক্ষুধার কবলে পড়বে অতিরিক্ত ৪ কোটি ৯০ লাখ মানুষ।





