হামলার শঙ্কায় এবছর কুয়েতের ঐতিহ্যবাহী ‘গ্র্যান্ড মসজিদে’ হচ্ছে না ঈদের জামাত

কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদে
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের হামলার শঙ্কায় এবছর কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদে হচ্ছে না ঈদের জামাত। এছাড়া উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত, কুয়েত ও কাতার। বাতিল করা হয়েছে কনসার্ট ও ফায়ারওয়ার্ক প্রদর্শনীও। জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঈদ উদযাপিত হয়েছে আফগানিস্তান, মালি ও নাইজারে।

এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতরে পরিবার- পরিজনসহ ঈদের নামাজ আদায়ের রীতিনীতি মধ্যপ্রাচ্যের দেশে দেশে। তবে চলমান ইরান যুদ্ধে ভাটা পড়তে যাচ্ছে দীর্ঘদিনের এই ঐতিহ্য।

এবার খোলা মাঠে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত, কাতার ও কুয়েত সরকার। শুধু চার দেয়ালের মসজিদেই নামাজ আদায়ের অনুমতি পাবে মুসুল্লিরা। এছাড়া কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদেও এবার আদায় হচ্ছে না ঈদের জামাত। এমনকি দেশটির ধর্ম মন্ত্রণালয় নিরাপত্তা বিবেচনায় মসজিদগুলোতে ঈদ জামাতে সীমিত সংখ্যক মুসুল্লিকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন:

শুধু ঈদ জামাত নয়, এবার ঈদের ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও থাকছে বাধ্যবাধকতা। কুয়েতে যেকোনো ধরনের কনসার্ট ও ফায়ারওয়ার্ক প্রদর্শনীতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া জনসমাবেশে কড়াকড়ি থাকছে সৌদি আরব, আমিরাত, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

এবার ইরান সংঘাতকে ঢাল হিসেবে ব্যবহার করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। মিডল ইস্ট আইয়ের খবর, এরইমধ্যে পবিত্র মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা ওয়াকফ বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে তেল-আবিব। ঈদের পরও বন্ধ থাকছে মসজিদটি।

কাবুলে রক্তক্ষয়ী হামলার ক্ষত কাটতে না কাটতেই বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে আফগানিস্তান। এছাড়া বৃহস্পতিবার ঈদ উদযাপিত হচ্ছে আফ্রিকার দেশ মালি ও নাইজারে।

এসএস