যুদ্ধের ঝুঁকিতে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা, চাকরি হারিয়েছেন অনেকে

লেবাননের প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবাননে ইসরাইলের চলমান সংঘাতে বিস্তৃত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। দক্ষিণাঞ্চল থেকে শুরু করে রাজধানী বৈরুত হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। যুদ্ধের মধ্যে ঝুঁকিতে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধের কারণে এরইমধ্যে চাকরি হারিয়েছেন অনেকে। এছাড়া অনেকে দেশটিতে ফিরতে পারছেন না।

লেবাননের দক্ষিণাঞ্চল কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরাইলি হামলা সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে বিস্তৃত হয়েছে আবাসিক অঞ্চলেও। রাজধানী বৈরুতসহ আশপাশের এলাকায়ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

এমন অবস্থায় দক্ষিণাঞ্চল ছেড়ে তুলনামূলক নিরাপদ উত্তরাঞ্চলের দিকে সরে এসেছেন বহু প্রবাসী বাংলাদেশি। অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাসায় ও বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় এখনো অবস্থান করছেন কিছু প্রবাসী। তাদের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।

লেবাননের বৈরুত দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা নিয়মিত বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করছি। তাদের খাবার প্রয়োজন হলে বা অন্যান্য কোনো প্রয়োজন হলে সেটা তাৎক্ষণিকভাবে দেখছি। সে অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।’

যুদ্ধের প্রভাবে অনেক প্রবাসী হারিয়েছেন তাদের কর্মসংস্থান। লেবাননের দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে মানবিক সংকট। জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে বহুগুণ।

প্রবাসী বাংলাদেশিদের একজন বলেন, ‘আমরা প্রতিটি প্রবাসী ভোগান্তিতে ভুগছি। এভাবে যুদ্ধ তাকলে সামনে আমাদের চলতে অনেক কষ্ট হবে।’

লেবাননে বেশিরভাগ গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স বন্ধ থাকায় ঈদের ছুটি শেষে প্রবাসীরা বাংলাদেশ থেকে ফিরতে পারছেন না। এতে ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে তারা।

চলমান যুদ্ধে লেবাননে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধ বন্ধ হয়ে লেবাননের শ্রমবাজারে গতি ফিরবে, এমনটাই আশা প্রবাসীদের।

এসএস