লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা, শোকযাত্রার প্রস্তুতি শুরু

খামেনির প্রথম জানাজা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লাখ লাখ মানুষের উপস্থিতিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার পরিবারের ৪ সদস্যের প্রথম জানাজা। অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ নেতাকে বিদায় জানিয়েছেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ, খামেনির ৩ পুত্রসহ সর্বস্তরের মানুষ। বিকেল থেকেই শুরু হচ্ছে আগামীকালের (সোমবার, ৫ জুলাই) শোকযাত্রার প্রস্তুতি। এদিকে, জানাজায় উপস্থিতি হতে না পারলেও শিগগিরই জনসমক্ষে আসবেন খামেনি পুত্র মোজতবা খামেনি।

ভোরের আলো ফোটার আগেই জনসমুদ্র তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণ। ইরানের কিংবদন্তী নেতা, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে শোকার্ত মানুষের ঢল।

ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায়, জানাজার কয়েকঘণ্টা আগেই কমপ্লেক্সের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়, তারপরও আশপাশের সড়কগুলোতেও ঢল নামে প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে আসা মানুষের।

প্রথম জানাজায় খামেনিপুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি না থাকলেও উপস্থিত ছিলেন খামেনির অন্য ৩ ছেলে, ইরানের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ অনুসারী। অশ্রুসজল চোখে দোয়া করছেন প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য। যারা ভেতরে প্রবেশ করতে পারেননি, তারাও সামিল হন দোয়ায়। এসময় জনতার একটি অংশ ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন। আর লাল পতাকা নিয়ে যারা এসেছিলেন তাদের চোখে মুখে ছিলো খামেনি হত্যার প্রতিশোধের আগুন।

বিকাল পর্যন্ত এ মসজিদ কমপ্লেক্সে রাখা হবে সর্বোচ্চ নেতার মরদেহ। এরপর শুরু হবে শোকযাত্রার প্রস্তুতি। প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা অনুষ্ঠিত হবে সোমবার, এতে অংশ নিতে পারেন দেড় থেকে দুই কোটি মানুষ। ইরানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, শনিবার দিনভর অন্তত এক কোটি মানুষ পালাক্রমে শ্রদ্ধা জানিয়ে গেছেন খামেনিকে। ছিলেন ১০০ বেশি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি।

এরপর মঙ্গলবার শিয়াদের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে অনুষ্ঠিত হবে আরেকটি জানাজা। ৮ জুলাই বুধবার ইরাকের নাজাফ ও কারবালা শহরে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা এবং শোক মিছিল। সেইদিনই ফিরিয়ে আনা হবে খামেনির কফিন। সবশেষ ৯ জুলাই ফের জানাজার পর জন্মশহর মাশহাদে দাফন করা হবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে।

সোমবারের শোকযাত্রাসহ পুরো আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। দূর-দূরান্ত থেকে আসা লাখ লাখ মানুষের জন্য প্রস্তুত অস্থায়ী আবাসনের ব্যবস্থা। হোটেলগুলোতে ৫০ শতাংশ ছাড় আর গণপরিবহন সেবা মিলছে বিনামূল্যে।

এদিকে, সিএনএন জানিয়েছে- নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত না হতে পারলেও শিগগিরই জনসমক্ষে আসার সম্ভাবনা আছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোজতবা খামেনির।

অন্যদিকে, প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায় উপলক্ষে ইরানকে ছাড় দেয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, খামেনির বিদায় চলাকালে ইরানের সঙ্গে কোনো সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র। আর শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হলে আবারও আলোচনায় ফিরবে ওয়াশিংটন-তেহরান।

জেআর