২৪ ঘণ্টা পেরিয়েও মিলেনি নাহিদা বৃষ্টির মরদেহ

পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমন
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

খুন হওয়ার খবর নিশ্চিতের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের হদিস এখনও মেলেনি। এদিকে কিছুতেই মুখ খুলছে না জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে গ্রেপ্তার হিশাম সালেহ। লিমনের মরদেহ উদ্ধার করা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকাসহ বিভিন্ন জলাশয়ে বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে তদন্তকারী দল। এ অবস্থায় হিশাম সালেহকে জামিন না দিয়ে কারাবন্দি রাখার নির্দেশ দিয়েছেন ট্যাম্পা বের একটি আদালত।

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজের পর তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। এরই মধ্যে ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হলেও, বৃষ্টির মরদেহের হদিস এখনও মেলেনি।

এদিকে জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে জামিল লিমনের রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। অভিযুক্ত আসামির বাসা থেকে পাওয়া রক্ত ও অন্যান্য আলামত থেকে ডিএনএ-এর মিল পাওয়ায় নাহিদা বৃষ্টি খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয় তদন্তকারী দল। তবে মরদেহ কোথায় সে বিষয়ে এখনও মুখ খুলেননি জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার হিশাম।

আরও পড়ুন:

এ অবস্থায় জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার জলাশয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পূর্বপরিকল্পিত দুটি হত্যাকাণ্ড, বেআইনিভাবে মৃতদেহ সরানো, প্রমাণ নষ্ট করাসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে জামিন না দেয়ার নির্দেশ দিয়েছেন ট্যাম্পা বের একটি আদালত, পরবর্তী শুনানি ২৮ এপ্রিল। হিশামের বিরুদ্ধে ২০২৩ সালে পরিবারিক সহিংসতা এবং জনশূন্য বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তারের রেকর্ড রয়েছে।

দুই শিক্ষার্থীর পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টিার গোলাম মোর্তোজা বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে কথা হয়েছে। আর তিনি আমাকে আশ্বস্ত করেছেন পরিবারকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করা হবে।’

১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক্যাম্পাস থেকে নিখোঁজ হোন পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। জামিল লিমনের মৃতদেহ খুঁজে পাওয়ার পর নাহিদা বৃষ্টিও খুন হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান। এর আগে বাংলাদেশে থাকা বৃষ্টি-র পরিবারকে ফোন করে তার মৃত্যুর খবর জানায় তদন্তকারীরা দল।

জেআর