বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫, আহত ৩০

বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

বলিভিয়ায় ব্যাংক নোট বহনকারী সামরিক কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ১৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে এল আল্টো শহরের রাস্তায় থাকা একাধিক গাড়ি। এমন পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন মুদ্রার বান্ডেল কুড়িয়ে নেয়ার হিড়িক পড়ে জনতার। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। কুড়িয়ে নেয়া অর্থগুলো ব্যবহারের চেষ্টা করলে অপরাধী হিসেবে গণ্য করার ঘোষণা সরকারের।

নতুন ছাপানো বলিভিয়ান মুদ্রা বোঝাই সামরিক কার্গো বিমান বিধ্বস্তে ঘটে বহু হতাহতের ঘটনা। শোকে দিশেহারা অবস্থা-এমন মুহূর্তেও দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন অর্থ সংগ্রহে ভিড় জমে জনতার। এক পর্যায় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ। ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে অর্থ কুড়িয়ে নিতে যাওয়া মানুষও। এতে করে রণক্ষেত্রে রূপ নেয় দুর্ঘটনাস্থল এল আল্টো শহর।

এ অবস্থায় এসব অর্থ ব্যবহারের চেষ্টাকারীকে অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস।

তিনি বলেন, ‘যারা দুর্ঘটনার পর বিমান থেকে অর্থ নেয়ার চেষ্টা করছেন তাদের আমি স্পষ্ট করে বলতে চাই, এই অর্থের কোনও মূল্য নেই। কারণ এগুলো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা জারি করা নোট নয়। সুতরাং এসব অর্থ ব্যবহারের চেষ্টা করা একটি অপরাধ।’

আরও পড়ুন:

দুর্ঘটনায় প্রাণ যাওয়া এবং আহতদের পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনাও জানিয়েছে সরকার। আশ্বাস দিয়েছে মানবিক সহায়তারও।

মার্সেলো স্যালিনাস বলেন, ‘সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা দুঃখিত। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আশ্বস্ত করতে চাই যে, সরকার তাদের মানবিক সহায়তায় সর্বদা পাশে থাকবে।’

বিধ্বস্ত সামরিক কার্গো বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের। এটিতে আট ক্রু সদস্য ছিলেন। তবে ঠিক কি কারণে অবতরণের সময় বিধ্বস্ত হলো তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী।

বলিভিয়া বিমান বাহিনীর কমান্ডার জেনারেল সার্জিও লোরা বলেন, ‘হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটিতে আট ক্রু সদস্য ছিলেন। তারা বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ পরিবহন করছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানি না। তাই তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।’

আরও পড়ুন:

এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে অবতরণের আগে বিমানটির একটি টায়ার ছিটকে গিয়ে রাস্তায় থাকা গাড়ির ওপর পড়ায় এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। হতবাক বহু মানুষ।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমার বোন আমাকে জানিয়েছেন যে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি রাস্তায় ছিলেন। ঠিক তখন বিমানের টায়ার পড়ে ধাক্কা লাগায় আহত হন। মাথায় টায়ারের আঘাত লেগেছে, এখন হাসপাতালে ভর্তি।’

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পাশের একটি প্রধান সড়কে আছড়ে পড়ে বিমানিট। সেখানে থাকা একটি গাড়ি ও কয়েকটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে করে অন্তত ১৫ জনের প্রাণহানি এবং ৩০জন আহতের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এর মধ্যে কতজন সাধারণ মানুষ ও কতজন ক্রু সদস্য তা এখনও জানা যায়নি।

এসএস