বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

সাদিকুর রাহমান লিংকনকে আটক করা হয়েছে
এখন জনপদে
আইন ও আদালত
0

বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আইনজীবী সমিতি ভবন থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে আইনজীবী সমিতির এ্যনেক্স ভবন থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে।

অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদালত চলাকালে হট্টগোলের ঘটনায় তাকে আটক করা হয়েছে। এরপর বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়েছে।

এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতি জেলা জজ আদালত ভবনের নীচে বিক্ষোভ করে, তার মুক্তির দাবিতে। একই সঙ্গে আন্দোলনকারীরা সভাপতির মুক্তি না দেয়া পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয়।

আরও পড়ুন:

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলাকালে সেখানে ঢুকে হট্টগোল করে কয়েকজন আইনজীবী। এ সময় বেঞ্চ ওলটপালট করা হয়। বিচারকার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। এসময় এজলাস থেকে নেমে যায় বিচারক। এ ঘটনার জের ধরে আজ আইনজীবী সমিতির সভাপতিকে আটক করা হয়।

বিএনপিপন্থি আইনজীবীরা জানান, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট বে-আইনীভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে গত সোমবার জামিন দেন। এ ঘটনায় ওই আদালতের বিচারকের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল আইনজীবীরা। সভাপতিকে আটকের পর স্বাভাবিক বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এফএস