নাটোরে সাত বছরের শিশুর বয়স ২১ দেখিয়ে মামলা, আদালতের ‘বিস্ময়’

আইনজীবী ও বাবার সঙ্গে শিশু হোসেন আলী
এখন জনপদে
আইন ও আদালত
0

নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় প্রথম শ্রেণির ছাত্র হোসেন আলী নামে সাত বছরের এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে মামলায় আসামি করা হয়েছে। পরে আজ (রোববার, ২৬ এপ্রিল) শিশুটি বাবার সঙ্গে আদালতে হাজির হয়ে জামিন নেয়।

ঘটনাটি গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় ঘটেছে।

শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং হোসেন আলীর জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার বাদী শাহানুর রহমানকে নোটিশ দেন। আদালতে উপস্থিত বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যেও এ ঘটনায় বিস্ময়ের সৃষ্টি হয়।

শিশুটির আইনজীবী শামীম হোসেন জানান, চলতি মাসের ৯ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষার শাহ উচ্চ বিদ্যালয় মাঠে গুরুদাসপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ সরকারকে মারধর করে প্রতিপক্ষরা। এ ঘটনায় শ্রাবণের বাবা শাহানুর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন:

তিনি আরও জানান, ওই মামলায় তিন নম্বর আসামি করা হয় ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলীকে। অথচ ঘটনার দিন সে বিদ্যালয়ে উপস্থিত ছিল। তাকে ফাসাতেই মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পরে রোববার দুপুরে সাত বছরের হোসেন আলী বাবার সঙ্গে নাটোর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন।

এসএইচ