রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার ফাঁসির রায়

আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত
আইন ও আদালত
0

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ (রোববার, ৭ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

এর আগে, আজ আদালতে হত্যার দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। এরপর ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আনা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। রায় ঘোষণার আগে দুজনকেই এজলাসে তোলা হয়।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে প্রতিবেশী সোহেল রানা। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রধান আসামি সোহেল রানা ও অপরাধের সহযোগী তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় প্রধান আসামি সোহেল রানা। তদন্ত শেষে মাত্র ৫ দিনের মাথায় দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় মামলার তদন্ত কর্মকর্তা ও ১৩ দিনের মাথায় শুরু হয়েছে বিচার।

ইএ