সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মেজর হাফিজ ৪ দিনের রিমান্ডে

ড. খন্দকার আব্দুল হাফিজকে আদালতে নেয়া হচ্ছে
আইন ও আদালত
0

রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাস বিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (রোববার, ১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ইন্সপেক্টর শেখ বশির আহমেদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাসহ অন্যান্য আসামিদের সহায়তায় সরকার বিরোধী হোয়াটসঅ্যাপে যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংস উস্কানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করছেন বলে দাবি করা হয়।

এছাড়া বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ প্লাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আ. আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তিনি আওয়ামীলীগের পুনর্বাসন ও রাষ্ট্র বিরোধী সংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এফএস