ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

মার্কিন কূটনৈতিক উইলিয়াম ব্রায়ান্ট মিলাম
দেশে এখন
0

নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম মারা গেছেন, যিনি অন্তর্বর্তী সরকারের সময়েও বাংলাদেশ সফর করেন। খ্যাতনামা এ মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) এক ‘এক্স’ পোস্টে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ তার সহকর্মী মাইলামের মৃত্যুর সংবাদ দেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ফেইসবুকে মাইলামের মৃত্যুর খবর দিয়েছেন।

মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাতে তার বাবার মৃত্যুর খবরটি দিয়েছেন মুশফিকুল ফজল।

চলতি বছরের মার্চে মাইলামের সঙ্গে ড্যানিলোভিচও ঢাকা সফর করেন। মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এক্স পোস্টে লেখেন, মাইলামের সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানে কূটনীতিক হিসেবে কাজ করেন। অবসরের পর তারা আবার এক সঙ্গে কাজ করেন।

মাইলামের মৃত্যুতে বাংলাদেশ নিয়ে নিয়মিত তার অভিব্যক্তি তুলে ধরা এক কূটনীতিকের জীবনাবসান হল। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বিষয়েও তার গভীর জ্ঞান ছিল।

কূটনৈতিক জীবন শেষ হওয়ার পরও তিনি প্রায়ই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতেন।

অন্তর্বর্তী সরকারের সময়েও ঢাকা সফর করেন তিনি। এসময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন আলোচনা সভাতেও অংশ নেন।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যোগদানকারী এই কূটনীতিক এরশাদ সরকারের সময় ১৯৯০ থেকে ১৯৯৩ সময়কালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এএম