শ্রদ্ধা, স্মরণ আর ভাষার টানে একুশের প্রভাতে শহিদ মিনারে জনস্রোত

কেন্দ্রীয় শহিদ মিনার
দেশে এখন
0

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারসহ দেশের বিভিন্ন শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগী বীরদের।

শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষজনের পদচারণায় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা হয়ে ওঠে মুখর ও আবেগঘন। একইভাবে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের শহিদ মিনারগুলোতেও ভোর থেকে শুরু হয় পুষ্পার্ঘ্য অর্পণের কর্মসূচি।

এর আগে আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলীয় প্রধান হিসেবে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর ধারাবাহিকতায় তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপিল বিভাগের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি শহিদ মিনারে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন:

প্রথমবারের মতো রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শহিদ মিনারে শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে ১১-দলীয় জোটের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় কেন্দ্রীয় শহিদ মিনার। খালি পায়ে, হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না–জানা আরও অনেক শহিদ। দিবসটি উপলক্ষে দেশজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

এএম