যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিক দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক
এখন জনপদে
দেশে এখন
2

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসতে হলে সরকার তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ (বুধবার, ১১ মার্চ) নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহিদ জিয়াউর রহমানের কর্মস্পৃহা ও উদ্দীপনা থেকে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারি দল, বিরোধী দল এবং নাগরিক সমাজ যদি একসঙ্গে কাজ করে এবং সরকারকে সহযোগিতা করে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে খুব বেশি সময় লাগবে না। আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি সঠিক ট্র্যাকে নিয়ে আসা সম্ভব।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এ সরকার কারও প্রতিপক্ষ নয়। এটি আমাদের সবার সরকার। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আন্তর্জাতিক পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এরইমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন পরিস্থিতি খারাপ হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যদি কোনো কারণে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হন, তাহলে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

এসএস