সংকট না থাকলেও পেট্রোল পাম্পে রয়েছে ভিড়

পেট্রোল পাম্পে ভিড়
দেশে এখন
0

আগামীকাল (শনিবার, ২১ মার্চ) ঈদ। তবে এখনও চলছে ঘরমুখী মানুষের ঈদযাত্রা। বাস, ট্রেন ও লঞ্চের পাশাপাশি অনেকেই বাড়ি ফিরছেন নিজ বাইক কিংবা বাহনে। এতে করে তেলের সংকট না থাকলেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। অন্যদিকে ঈদকে সামনে রেখে কিছু এটিএম বুথে টাকা তুলতে না পারার অভিযোগ থাকলেও ফাঁকা ঢাকায় লেনদেন ছিল স্বাভাবিক।

জ্বালানি সংকটের শঙ্কা কাটিয়ে ঈদকে সামনে রেখে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা তেল নিতে পারছেন নিজেদের চাহিদামতো। ঈদকে সামনে রেখে অনেকে ঢাকা ফিরছেন নিজের বাহনেই। তাই ঢাকা ছাড়ার আগে তেল সংগ্রহে ভিড় করছেন ফিলিং স্টেশনগুলোতে।

তবে রেশনিং পদ্ধতি তুলে নেয়া হলেও ফিলিং স্টেশনগুলোতে ছিল গ্রাহকদের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে তেল।

প্রাইভেট কার চালকদের মধ্যে একজন বলেন, ‘আমি অনেক দূর থেকে সিরিয়াল ধরে এ পর্যন্ত আসছি।’

আরও পড়ুন:

বাইকারদের মধ্যে একজন বলেন, ‘ফুল ট্যাংক করে তেল দেয়ার পরও আমাদের তেলে সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। তেল নিয়ে পাবলিক স্টক করছে এছাড়া তো অন্য কিছু দেখি না।’

তবে কী কারণে এই পরিস্থিতি তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদে বাড়ি ফিরতে তবে তেলের কোনো সংকট নেই বলে জানায় পাম্প কর্তৃপক্ষ।

তেলের পাম্পের একজন কর্মচারী বলেন, ‘আমাদের এখানে কোনো সংকট নেই। পর্যাপ্ত তেল আছে, যে যত ইচ্ছা তত নিচ্ছে। ঈদের সময় সবাই ফুল করে দিয়ে বাড়ি যাচ্ছে।’

এদিকে ঈদ উপলক্ষে বেড়েছে আর্থিক লেনদেন। এটিএম বুথ থেকে টাকা তুলতে না পাড়ার কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও অনেকটা স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারছে গ্রাহকরা। ফাঁকা ঢাকায় নেই বাড়তি চাপ।

গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘টাকা তুলতে কোনো সমস্যা হয়নি। তুলতে পেরেছি।’

এসএস