জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি
এখন জনপদে
দেশে এখন
1

বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (রোববার, ২২ মার্চ) দুপুরে বরগুনা সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, ‘উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং জলদস্যু দমনে কার্যকর অভিযান পরিচালনা করা হবে।’

উপকূল উন্নয়নে বড় প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো উপকূলীয় জেলাগুলো নিয়েও আলাদা মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’ এ লক্ষ্যে তিনি সরকারের কাছে উদ্যোগ নেয়ার চেষ্টা করবেন বলেও জানান।

এর আগে, সকাল ১১টার দিকে বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন চিফ হুইপ। এ সময় তিনি দাবি করেন, আগের সরকার বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, যা দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে।

আরও পড়ুন:

নুরুল ইসলাম মনি বলেন, ‘বরগুনায় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা গেলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব।’ পাশাপাশি দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দক্ষ জনবল তৈরি হলে তারা আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখতে পারবে।’

তিনি আরও জানান, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে, যাতে কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে এবং স্থানীয় মানুষের জীবনমান বৃদ্ধি পায়।

খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খোদাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ