বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সব মাদ্রাসাকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
দেশে এখন
2

দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রতা সাধনসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি সব পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

দাপ্তরিক কাজে শেয়ার্ড ট্রান্সপোর্ট ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি জ্বালানো পরিহার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে হবে।

আরও পড়ুন:

এতে আরও জানানো হয়, সরকারি যানবাহনে এসির ব্যবহার সীমিত করতে হবে এবং সরকারি কার্যক্রমে অপ্রয়োজনীয় প্রটোকল পরিহার করতে হবে।

এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে, এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব সরকারি মাদ্রাসা, বিএমটিটিআই এবং সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরকে তাদের আওতাধীন মাদ্রাসাসমূহে এ নির্দেশনার অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এফএস