শাহজালালে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

জব্দকৃত স্বর্ণের বার
দেশে এখন
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেল থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

দুবাই থেকেে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ফ্লাইট বিজি-৩৪৮’-এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি। আজ (শনিবার, ২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটির অবতরণের আগে থেকেই নজরদারিতে রাখা হয়। পরে অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে অবস্থিত টয়লেটের প্যানেল, বিমানের কারিগরি দলের সহায়তায় খুলে দেখা হলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম, যার সর্বমোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি। উক্ত স্বর্ণের বারগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৮ কোটি টাকা।

উদ্ধারকৃত ১৭ দশমিক ৭৮৪ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এফএস