এপ্রিল থেকে জ্বালানি তেলের সরবরাহ সংকট কেটে যাবে: মনির চৌধুরী

জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির চৌধুরী
দেশে এখন
0

এপ্রিল থেকে জ্বালানি তেলের সরবরাহ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির চৌধুরী। এছাড়া মার্চ মাস থেকে কোনো ফিলিং স্টেশনের জ্বালানি তেলের সরবরাহ কমানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেছেন, এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত আছে। এপ্রিলে আরও ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি আসবে। এপ্রিল জ্বালানির সংকট হবে না।

আজ (সোমবার, ৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করার সময় এসব কথা বলেন তিনি।

এসময় জ্বালানি মন্ত্রণালয়ের এ যুগ্ম সচিব বলেন, ‘দেশের মোট জ্বালানি চাহিদার ৬৩ শতাংশ ডিজেল চালিত পরিবহন। ডিজেল চালিত পরিবহনে সংকট নেই, তবে পেট্রোল ও অকটেন চালিত পরিবহনে সংকট মনস্তাত্ত্বিক।’

মনির চৌধুরী জানান, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ৮ হাজার ৬৫০ মেট্রিক টন জ্বালানি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল সরবরাহ ঠিক আছে, তবে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।’

আরও পড়ুন:

পাম্পে তেল নিতে সরকার ফুয়েল পাস তৈরি করার উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন জেলায় জেলা প্রশাসকরা সীমিত আকারে ফুয়েল পাশের উদ্যোগ নিয়ে সফল হয়েছে। এবার কেন্দ্রীয়ভাবে পাশের উদ্যোগ নিচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া থেকে ২ মাসের জন্য কিংবা ৬ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আমেরিকাকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এদিকে ভারত থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির চুক্তি থাকলেও কয়েকমাস আগে ৫ হাজার মেট্রিক টন জ্বালানি এসেছে এবং সম্প্রতি কয়েক ধাপে ২২ হাজার মেট্রিক টন জ্বালানি এসেছে।’

এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬০ হাজার মেট্রিক টন জ্বালানির দুইটা কার্গো আসবে বলেও জানান তিনি।

এসএইচ