হজযাত্রার উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণে বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
দেশে এখন
0

হজ ফ্লাইট-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর পরিদর্শনে যান তারা। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপন করেন।

মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, ‘হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।’ এসময় তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা আমাদের পবিত্র দায়িত্ব।’ তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনাও দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

এসএইচ