শিশু ধর্ষণ-হত্যা-যৌন সহিংসতার প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ

শাহবাগে প্রতিবাদ সমাবেশ
দেশে এখন
2

শিশু হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে ‘জাস্টিস ফর রামিসা’ ব্যানারে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, প্রকৌশলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাবেক ছাত্রনেতারা অংশ নেন।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদা রশীদ। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরাইয়া আক্তার, অধ্যাপক ড. শবনম জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুন্নেসা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন।

এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ইন্সটিটিউশন, ঢাকা-এর সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ দীপু, কবি জামান ভুইয়া, সাংবাদিক শেখ জামাল, প্রকৌশলী প্রেমকুমার মন্ডল, প্রকৌশলী সালেউদ্দিন আহমেদ সোহেল, প্রকৌশলী খায়রুল বাশার, প্রকৌশলী গোলাম রাব্বানী শামীম, গোলাপ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, মাজহারুল ইসলাম, তোফায়েল আহমেদ, আনিছুর রহমান মিলন, মমতাজ জলি, মোহাম্মদ জহিরুল ইসলাম তায়েফ, রুবেল আহমেদসহ আরও অনেকে।

মানববন্ধনের শুরুতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু ও নারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি সংক্ষিপ্ত মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক শিশু ও নারী ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। এসময় বক্তারা অবিলম্বে ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদা রশীদ ধর্ষণ, যৌন সহিংসতা ও হত্যার মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করেন। এছাড়া অধ্যাপক ড. শবনম জাহান বলেন, ‘বিচারহীনতার কারণেই আছিয়া থেকে রামিসা পর্যন্ত অসংখ্য শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুন্নেসা বলেন, ‘এ শাহবাগ প্রজন্ম চত্বর থেকেই একসময় গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিলো। আজ এখান থেকেই আমরা ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরাইয়া আক্তার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে সমাজে বিদ্যমান বিচারহীনতার সমালোচনা করেন এবং দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

এ সমাবেশ থেকে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এসএইচ