ন্যাচার ইনডেক্সে দেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শিশু হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতাল
স্বাস্থ্য
দেশে এখন
1

দেশের সরকারি-বেসরকারি প্রায় ২০ হাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা নেটওয়ার্ক ন্যাচার ইনডেক্স স্বাস্থ্যসেবা র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দিয়েছে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চিকিৎসা সেবার মান, রোগী ব্যবস্থাপনা বিশেষ করে ডেঙ্গুর মতো জটিল রোগী ব্যবস্থাপনায় চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো এবং মেডিকেল গবেষণার জন্য এই স্বীকৃতি দিয়েছে গবেষণা নেটওয়ার্কটি।

ন্যাচার ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তালিকায় শিশু হাসপাতালের পরই রয়েছে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

এরপরেই রয়েছে ঢাকার মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুরের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, আজগর আলী হাসপাতাল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস), ঢাকার নিউরোজেন হেলথকেয়ার এবং গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

এ বিষয়ে সোমবার শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম এখন টিভিকে জানান, শিশু হাসপাতালের এমন স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এ দায়িত্ব ধরে রাখাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, কর্মকর্তারা এ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে তিনি যোগ করেন।

ডা. জিয়াইল ইসলাম বলেন, ‘দেশের কোনো শিশুর চিকিৎসায় যেনো বাইরে যেতে না হয় সেটাই এখন আমাদের বড় দায়িত্ব।’

এএইচ