আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি
দেশে এখন
0

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

আজ (শনিবার, ২৭ জুন) রাজধানী ঢাকায় আয়োজিত এ র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে অলিম্পিক মূল্যবোধ এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্ট সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন:

‘ইউ ক্যান ডু দিস, লেট’স মুভ ফরওয়ার্ড’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিলো ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য ৭টি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‍্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। র‍্যালি শেষে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয় এবং সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীরা, সাধারণ ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ দেড় হাজারের বেশি মানুষ অংশ নেন।

এসএইচ