হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি)।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং বেবিচকের তত্ত্বাবধানে চালু হওয়া এই ফ্রি শাটল বাস সার্ভিস প্রাথমিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। এগুলো হলো—বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর। ফলে যাত্রীরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত ও আরামদায়কভাবে এসব সংযোগস্থলে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন:
বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই উদ্যোগ বড় ধরনের সুবিধা নিয়ে আসবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, ‘দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ বিনামূল্যে এ শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এ অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





