আজ থেকে গণপরিবহনগুলোতে জিপিএস সংযুক্ত বাধ্যতামূলক

বিআরটিএ
দেশে এখন
0

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গণপরিবহনগুলোতে আজ (শনিবার, ১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গত ২৮ জুলাই এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছিলো বিআরটিএ।

বিআরটিএর এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট জিপিএস সংযুক্ত ও তা বাধ্যতামূলকভাবে চালু রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিআরটিএ জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট (www.brta.gov.bd) এ পাওয়া যাচ্ছে।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হয়ে গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলেও জানায় সংস্থাটি।

রাজধানীর সড়কগুলোতে চলাচল করা গণপরিবহন চালকরা জানান, প্রতিটি গাড়িতেই দীর্ঘদিন ধরে সংযুক্ত রয়েছে জিপিএস সিস্টেম। তবে গণপরিবহনগুলোর যথাযথ নিয়ম অনুযায়ী জিপিএস সিস্টেম স্থাপন ও সচল রাখছে কি না— এ বিষয়ে নজরদারির জন্য কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

এসএইচ