বাব-এল-মান্দেব এলাকা থেকে সরকারি বাহিনীর এই পিছু হটার কারণে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথের ওপর হুথিদের প্রভাব আরও বাড়বে। এতে বৈশ্বিক জাহাজ চলাচলে বড় ধরনের চাপ তৈরি হবে। অন্যদিকে আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটাচ্ছে ইরান। এই দ্বিমুখী চাপের কারণে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো তাদের প্রধান জাহাজ চলাচলের পথ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।
বাব-এল-মান্দেব প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সামুদ্রিক পথগুলোর একটি। বিশেষ করে এশিয়া থেকে মিসরের সুয়েজ খাল হয়ে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক।
দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা এডেন শহরের দিকে সেনা মোতায়েন করছে, যেখানে সরকারের মূল ভিত্তি রয়েছে। কারণ হুথিরা এরই মধ্যে ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকা ও রাজধানী সানাসহ উত্তরের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন দক্ষিণাঞ্চলে সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে।
এক বিবৃতিতে দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, তায়েজ প্রদেশের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও বাব-এল-মান্দেব এলাকা থেকে সেনা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে। রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলো সুরক্ষিত করা এবং ফ্রন্টলাইন শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
লোহিত সাগর উপকূলের পুরো নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় হুথিরা গত সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়। এর জেরে শক্তিশালী এই গোষ্ঠীর কাছ থেকে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে গত অক্টোবরে সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। তবে হুথিদের আকস্মিক হামলায় তারা বাব-এল-মান্দেবের কাছাকাছি পৌঁছে যায়।
এই সংঘাতের জেরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে গেছে। এটি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বৃহত্তর যুদ্ধের আরেকটি অস্থিতিশীল ফ্রন্ট হয়ে উঠেছে। কারণ হুথিরা প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ও বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ওপর হামলা অব্যাহত রেখেছে।
হুথিদের হামলায় সৌদি আরবের বিমান চলাচল ও তেল সরবরাহ ব্যাহত হয়েছে। তারা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের তেল রপ্তানির প্রধান কেন্দ্র ইয়ানবুসহ রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
জবাবে ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সৌদি আরব। ২০১৪ সালে হুথিরা সরকারকে হঠিয়ে দক্ষিণাঞ্চলে কোণঠাসা করার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর ফলে দেশটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
পশ্চিমাঞ্চলীয় তায়েজ এলাকায় সংঘাত তীব্র হচ্ছে, যার ফলে মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। শহরটি বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে, যেখানে সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ মানুষের প্রায় অর্ধেক আশ্রয় নিয়েছেন। সেখানে ত্রাণসহায়তা পৌঁছাতে পারছে না এবং বেসামরিক নাগরিকেরাও শহর ছেড়ে যেতে পারছেন না।
—রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে





