সাংবাদিকরাই একে অন্যকে সরিয়ে দিচ্ছেন, সরকারের হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
0

মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই; বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে।’ তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়াই উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধীদল। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।’

আরও পড়ুন

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী এসব বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই।’

তিনি বলেন, ‘এত ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে সংসদ। কিন্তু সংসদের বাইরে বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা ও বক্তব্য দেয়া হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘শহিদদের স্মরণকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ তিনি জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সরকার সংসদ ও রাজনীতিতে সব পক্ষের সহযোগিতা চায় এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সবার সমর্থন প্রত্যাশা করে।’

জেআর