আজ (রোববার, ২৩ আগস্ট) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ‘ইতোমধ্যে দেশের আরও তিনটি বিভাগে সফলভাবে কর্মশালা সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক মতামত পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে সব বিভাগে কর্মশালা শেষ করার লক্ষ্য রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামত বিশ্লেষণ করে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।’
তিনি বলেন, ‘ওই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার ও বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি সুশিক্ষিত ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর হবে প্রাথমিক শিক্ষা পরিবার। মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ডিডি, ডিপিও ও টিইওসহ সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করছেন।’
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার কার্যক্রম আরও সুসংগঠিত ও দক্ষ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে স্বল্প সময়ের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়।’
শিক্ষাব্যবস্থায় হঠাৎ কোনো পরিবর্তন আনা হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘বিভাগীয় প্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই নীতিমালায় প্রয়োজনীয় ও বাস্তবসম্মত পরিবর্তন আনা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা কাজ করে যাচ্ছেন। নির্বাচনি ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন যাতে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান হয়, সেভাবেই কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে ঘিরে যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়নে শিক্ষা পরিবারের সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।





