সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

মরদেহ বহনকারী কফিন
দেশে এখন
0

সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর মধ্যে সাতজনের মরদেহ নওগাঁর আত্রাইয়ের। অপর দুই মরদেহের একটি নাটোরের নলডাঙার আরেকটি রাজশাহীর বাগমারা উপজেলার। মরদেহগুলো আগামীকাল (শুক্রবার, ২৮ আগস্ট) সকালে স্বজনদের কাছে পৌঁছাবে।

গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

ওই পত্রে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় গত ৯ আগস্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত হন। সৌদি আরব কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষা করে নয়জনের মরদেহ শনাক্ত করে। মরদেহগুলো বাংলাদেশে প্রেরণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

আরও পড়ুন

সৌদি দূতাবাস থেকে প্রেরিত শনাক্তকৃত নওগাঁর আত্রাই উপজেলার সাতজন হলেন- আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা, মার কাসুন্দা গ্রামের তমিজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল।

এছাড়া, ওই বিমানে একই সাথে নাটোরের নলডাঙা থানার মহিষডাঙা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম গ্রামের কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝির মরদেহও পাঠানো হচ্ছে।

এদিকে, সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডের শুরুতে নওগাঁর আত্রাইয়ের ১৩ জন নিহত হবার খবর পাওয়া গেলেও সবশেষ ১১ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান বলেন, ‘প্রশাসনের সমন্বয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। যেন বিনা খরচে মরদেহগুলো আসতে পারে।’

নওগাঁ জেলা জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আগামী শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মাঠে নিহত সাত মরদেহের নামাজে জানাযার উদ্যোগ নেয়া হয়েছে। নিহতদের স্বজনদের সাথে কথা বলেই একত্রে জানাজার পরিকল্পনা নেয়া হয়েছে। জানাজা শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জেআর