ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারচালিত দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এতে চার পাইলট নিহত হওয়া ছাড়া অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। মুখপাত্র জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর বহরে থাকা সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার নজির রয়েছে। এর আগে গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেগুয়েত প্রদেশে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে আরেকটি এসএফ-২৬০ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন।





