লিবিয়া থেকে আরও ১৬৮ বাংলাদেশিকে মানবিক প্রত্যাবাসন

প্রত্যাবাশিত ১৬৮ বাংলাদেশি
দেশে এখন
0

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।

গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) তাদেরকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটযোগে আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা আছে।

উল্লেখ্য, অনিয়মিত উপায়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশে যাওয়ার প্রচেষ্টা প্রায়ই অভিবাসীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। এ ধরনের যাত্রায় অনেকেই প্রাণ হারান, নিখোঁজ হন, মানবপাচারকারীদের হাতে জিম্মি হন অথবা বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক হন।

পরবর্তীতে আটক অভিবাসীদের দীর্ঘ সময় ধরে ডিটেনশন সেন্টারে অমানবিক ও দুর্বিষহ পরিবেশে অবস্থান করতে হয়। তাই বাংলাদেশ দূতাবাস সবাইকে দালাল ও মানবপাচারকারীদের মিথ্যা প্রলোভন ও অপপ্রচারে বিভ্রান্ত হয়ে অনিয়মিত পথে বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকতে আহ্বান জানায়।

এসএইচ