দুর্গাপূজায় নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জ
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
এখন জনপদে
দেশে এখন
0

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (রোববার, ১১ অক্টোবর) সকাল ৯টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন। একইসঙ্গে নিষিদ্ধ সংগঠন বা কোনো গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি।

দুর্গাপূজার সময় আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার আহ্বানও জানিয়ে তিনি বলেন, ‘আজান ও নামাজের সময়সূচি তৈরি করে তা জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়গুলো জানতে পারেন এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারেন।’

প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘ফুটেজ মোবাইল ফোনে কিংবা অনলাইন ক্লাউডে সংরক্ষণের ব্যবস্থা রাখা যেতে পারে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।’

পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ এবং পূজার ছুটি দুই দিন বাড়ানোর উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পূজার সময় সরকারি ছুটি থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

তথ্য প্রতিমন্ত্রী জানান, জেলার প্রতিটি নির্বাচনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এই প্রথম। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। অনুমোদিত কাগজপত্র চাওয়ামাত্র দেখাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতারা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ