অবৈধ জালের ব্যবহারে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৩০-৪০ শতাংশ: প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন
দেশে এখন
0

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণ সহজ করতে কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে। অবৈধ মাছ ধরার জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের কারনে উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ‘মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম স্থাপন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

চিফ হুইপ নূরুল ইসলাম মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘এক শ্রেণির অসাধু জেলে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এ পদ্ধতিতে নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরা হয়। এতে দেশের বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ পদ্ধতি বন্ধ করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে, মাছের মজুত কমিয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘মাছের সুরক্ষা ও সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এ ছাড়া সারা দেশে মোট ৮২৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।’

আরও পড়ুন:

মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই অর্থবছরে দেশে ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয়া হয়েছে।’

এদিকে পরিবেশের অবক্ষয়ের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল প্রাণী ও পাখি সংরক্ষণে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং রংপুরের হনুমানতলায় অবস্থিত রংপুর চিড়িয়াখানায় বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘বিপন্ন বন্যপ্রাণীর সুরক্ষা, প্রজনন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

অন্যদিকে দেশিয় বিপন্ন প্রাণী ও পাখির সংরক্ষণ এবং গবেষণায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশের জন্য আইইউসিএনের (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) লাল তালিকার মূল্যায়ন অনুযায়ী, মূল্যায়ন করা ২৫৩টি দেশীয় স্বাদুপানির মাছের প্রজাতির মধ্যে ৩০টি বিপন্ন (এনডেঞ্জার্ড), ৯টি মহাবিপন্ন (ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড) এবং ২৫টি সংকটাপন্ন (ভালনারেবল) হিসেবে শ্রেণিবদ্ধ।—বাসস

এফএস