ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানের সঙ্গে সংকটের সমাধান সম্ভব নয়।’ তিনি জোর দিয়ে বলেন, এ অচলাবস্থা কাটানোর একমাত্র উপায় হচ্ছে শ্রদ্ধাশীল ভাষা ব্যবহার করা, কূটনীতিতে ফেরা এবং তেহরানের প্রস্তাবিত দুই দিনের শান্তি পরিকল্পনায় থাকা দাবিগুলো মেনে নেয়া।
সংঘাত শুরুর পর থেকে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন তাদের শর্তগুলো মেনে নিলে তারা দুই দিনের মধ্যে এই প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুত। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের হিমায়িত অর্থ ছাড়, তেলের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা নৌ অবরোধের সমাপ্তি ঘটানো।
এদিকে গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, সংঘাত অবসানের দিকে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকলেও উপসাগরীয় অঞ্চলের মূল মিত্ররা বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখতে চাওয়ায় নতুন করে আর বিমান হামলার সম্ভাবনা বেশ কম। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এ যুদ্ধ নিরসনে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়।
তবে ওয়াশিংটনের প্রতি কোনো ছাড় না দিয়ে তেহরানের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে তিনি লেখেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে পর্যুদস্ত করেছে। কিন্তু দিকভ্রান্ত হয়ে তারা এক মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে। কাল্পনিক আলোচনা নিয়ে এসব ভুয়া খবর তৈরি বন্ধ করুন।’
—দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে অবলম্বনে





 speaking during an official meeting in an office room-320x167.webp)