শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

মৌলভীবাজার
ছাত্রনেতা হাসিবুলের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
এখন জনপদে
1

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা হাবিবুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এ বিক্ষোভ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা হাসিবুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে হামলায় জড়িত হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবুলের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক হাসিবুলকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল করছেন। একপর্যায়ে তিনি হাসিবুলের ওপর চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান হাসিবুল।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক মাহমুদ আলী জানান, হামলার পর হাসিবুল রিসোর্টে ফিরে এলে তার হাতে আঘাত দেখতে পান তারা। পরে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ দিয়ে রক্তপাত বন্ধের ব্যবস্থা করে। তিনি বলেন, দুই দিন আগে এক নারীকে সঙ্গে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিবুল। মঙ্গলবার সকালে চেকআউট করে ব্যাটারিচালিত টমটমে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ধারালো দা নিয়ে হাসিবুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন। হামলার সময় ঘটনাটি ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রীতম দাশ আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী শ্রীমঙ্গলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। পর্যটন নগরী শ্রীমঙ্গলের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিতে তারা থানায় গেছেন। হাসিবুল কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

এএম