ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনে সংবাদমাধ্যমগুলোকে তথ্য প্রতিমন্ত্রীর আহ্বান

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
দেশে এখন
0

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করার আহ্বানও জানান তিনি। বলেন, ‘সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করা জরুরি।’

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, নিউজ পোর্টালের অডিট করানো এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। আমি মনে করি, এসব দাবির অধিকাংশই যৌক্তিক।’

তিনি বলেন, ‘নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।’

তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না হলে পাঠক অনলাইন নিউজ পোর্টালের প্রতি আগ্রহী হবেন না। এ জন্য পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।’

অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে জানিয়ে তিনি বলেন, ‘তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হবে। নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।’

আরও পড়ুন:

মতবিনিময় সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন নিউজ পোর্টালগুলো যাতে টিকে থাকতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।’ এক্ষেত্রে সংগঠনটির সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রতি বছর নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘অনলাইন সংবাদমাধ্যমে উদ্যোক্তারা বিপুল অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু কোনো উদ্যোক্তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনার দায়িত্ব পাবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই।’ এ কারণে অনলাইন গণমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত একটি সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার বক্তব্য রাখেন।

এসময় সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসএইচ