বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এ ধরনের সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।’
উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত চিরাসাওয়াদি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ড অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক ভিসাপ্রার্থীদের প্রতি দেশটির উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসহ (মাল্টিপল-এন্ট্রি) ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি। এসময় থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।
এছাড়া ২০২৬ সালের ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।





